ডেমরায় কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

আত্মহত্যাপ্রতীকী ছবি

রাজধানীর ডেমরার হাজীনগরে ইশরাত জাহান রত্না (২০) নামের এক কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

পরিবার বলছে, ইশরাত গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। সৌদিপ্রবাসী স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে এই ঘটনা ঘটতে পারে।

গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে ভাষ্য পরিবারের। পরিবার বলছে, স্বজনেরা গলায় ফাঁস লাগানো অবস্থায় নিথর ইশরাতকে উদ্ধার করেন। ভোররাত চারটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইশরাতকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

ইশরাতের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলায়। তাঁর বাবার নাম আবুল বাশার। ইশরাত ডেমরার হাজীনগরে পরিবারের সঙ্গে থাকতেন।

পরিবারের সদস্যরা বলছেন, সাত-আট মাস আগে সৌদিপ্রবাসী সৌরভের সঙ্গে ইশরাতের বিয়ে হয়। স্বামী দেশে এলে ইশরাতকে আনুষ্ঠানিকভাবে শ্বশুরবাড়িতে নেওয়ার কথা ছিল।

পরিবারের ধারণা, স্বামীর সঙ্গে মুঠোফোনে ‘মনোমালিন্যের’ জেরে অভিমান থেকে ইশরাত ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন।