মডেল রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী কারাগারে

রিধিকা রিধিছবি: অভিনেত্রীর ফেসবুক

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় হাফিজুর রহমান নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আজ রোববার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এই আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল হোসেন এতথ্য নিশ্চিত করেন।

কামাল হোসেন বলেন, আসামিপক্ষের আইনজীবীর আবেদন অনুযায়ী ১৮ আগস্ট জামিন শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। রিমান্ড আবেদন না থাকায় তাঁকে এজলাসে ওঠানো হয়নি। আদালত তদন্ত কর্মকর্তার আবেদন গ্রহন করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে হাফিজুর রহমনাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

ওসি মাজহারুল ইসলাম এর আগে প্রথম আলোকে জানিয়েছিলেন, গতকাল সকালে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা।

পুলিশ জানিয়েছে, রিধির পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, এক ব্যক্তির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। গতকাল ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থায় রিধি আত্মহত্যা করেন।

এ ঘটনায় রিধিকা রিধির মা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন।

আরও পড়ুন