কদমতলীতে নিখোঁজের চার দিন পর কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীতে নিখোঁজের চার দিন পর মো. ইমন (১৬) নামের এক কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত আটটার দিকে কদমতলী থানার পূর্ব মোহাম্মদবাগ এলাকার একটি মসজিদের পাশের ডোবার কাছের ময়লা-আবর্জনার স্তূপে বস্তাবন্দী লাশটি পাওয়া যায়। পরে লাশটি শনাক্ত করেন ইমনের বাবা।

পুলিশ জানায়, ইমন তার বাবা মো. লিটনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা চালাত। সে শ্যামপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকত। ইমনদের গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আহামেদ নোয়াজেস বলেন, ইমনের বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলা তিনি উল্লেখ করেন, চার দিন আগে অটোরিকশা নিয়ে বের হয়েছিল ইমন। পরে আর বাসায় ফেরেনি সে। তবে অটোরিকশাটি শ্যামবাজার এলাকার রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

এসআই আহামেদ নোয়াজেস আরও বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি। ইমনের হত্যাকারী শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’