নেত্রকোনার সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদকে পুলিশে দিল ছাত্রদল-যুবদল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ ওরফে রুহিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা। পরে তাঁকে থানা হেফাজতে নিয়ে এসেছে পুলিশ।
আজ বুধবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ইকবাল রোডের একটি বাসায় আত্মগোপন করে ছিলেন মোশতাক আহমেদ। স্থানীয় ছাত্রদল, যুবদলের নেতা–কর্মীরা তাঁকে আটক করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে এসেছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মোশতাক আহমেদ নেত্রকোনা–১ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে দুর্গাপুর-কলমাকান্দা আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার
রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে আজ সকালে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ মোস্তফা আলমগীরকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি গুলশান বিভাগ।
শাহ্ মোস্তফা আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দীন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সাবেক সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
ডিবি গুলশান সূত্রে আরও জানা যায়, তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের অভিযোগ রয়েছে।