বিচার নয়, অন্তত ‘খুনি’ কারা জানতে চায় পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার নিহতের বড় বোন লাবণী খানম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলন করেন
ছবি: সংগৃহীত

গত বছরের আগস্টে চট্টগ্রামের একটি উড়ালসড়কের নিচ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আকবর হোসেন খান গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন। এর কয়েক দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আকবর হোসেন খান কি উড়ালসড়ক থেকে পড়ে গিয়েছিলেন নাকি তাঁকে হত্যার উদ্দেশ্যে ওপর থেকে ফেলে দেওয়া হয়েছিল, সে প্রশ্নের উত্তর এক বছরেও মেলেনি। থানা-পুলিশের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এখন ঘটনাটি তদন্ত করছে।

আকবর হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর পৈতৃক নিবাস ঢাকার ধামরাই উপজেলার ধুনট ইউনিয়নে। ব্যবসার সুবাদে আকবরের পরিবার দীর্ঘদিন ধরে মৌলভীবাজার জেলায় বসবাস করছে। তবে আকবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থীর সঙ্গে পুরান ঢাকার কলতাবাজারের একটি মেসে থাকতেন।

পুলিশের ভাষ্য, গত বছরের ২৮ আগস্ট রাতে নগরের জিইসি মোড় আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কের নিচ থেকে আকবর হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর জ্ঞান আর ফেরেনি। চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ১ সেপ্টেম্বর ভোরে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর বাবা আউয়াল খান বাদী হয়ে নগরের খুলশী থানায় হত্যা মামলা করেন। মামলায় আসামি রাখা হয় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের।

ঘটনার শুরু থেকে মামলাটি তদন্ত করে নগরের খুলশী থানার পুলিশ। কিন্তু তারা কে বা কারা এ ঘটনায় জড়িত, শনাক্ত করতে পারেনি। আকবর উড়ালসড়ক থেকে নিজে লাফ দিয়েছেন নাকি কেউ ফেলে দিয়েছে, এর উত্তর মেলেনি তদন্তে।

তিন মাস আগে মামলাটি খুলশী থানা থেকে পিবিআইতে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক মাসুদ পারভেজ প্রথম আলোকে বলেন, আকবর নিজে উড়ালসড়ক থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেছেন নাকি তাঁকে কেউ ফেলে দিয়েছে, এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে।

আকবরের মৃত্যুরহস্য সম্পর্কে জানতে গত মার্চ মাসে চট্টগ্রামে আসে তাঁর পরিবার, কিন্তু নিরাশ হয়ে ফিরে যেতে হয় তাদের। আকবরের বোন তাসলিমা খানম প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জেরে তাঁর ভাইকে উড়ালসড়ক থেকে ফেলে হত্যা করা হয়েছে। তাসলিমা খানমের ভাষ্যমতে, চট্টগ্রামের এক নারীর সঙ্গে তাঁর ভাইয়ের সম্পর্ক ছিল। সেই নারীকে খুঁজে বের করলে খুনের কারণ জানা যেতে পারে।

মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন রাত ৮টা ৩৭ মিনিটের দিকে আকবরের সঙ্গে তাঁর বোন তাসলিমা খানমের কথা হয়। তখন আকবর বলেছিলেন তিনি বাইরে আছেন। ওই দিন বিকেলে বাসযোগে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন তিনি। চট্টগ্রামে এক নারীর সঙ্গে আকবরের সম্পর্ক আছে বলে পরিবার জানত, তবে ওই নারীর পরিচয় জানত না তারা।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক মাসুদ পারভেজ বলেছেন, মেয়েটির বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। তাঁকে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া যেতে পারে।

পরিবার বলছে, আকবরের স্বপ্ন ছিল তিনি বড় হয়ে বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা হবেন। অথচ অল্প বয়সেই তাঁকে হারাতে হলো। তাদের চাওয়া, বিচার না হলেও অন্তত কে বা কারা আকবরকে খুন করেছে, কিংবা কীভাবে তাঁর মৃত্যু হলো, সেটি যেন তারা জানতে পারে।