ঢাকায় ঈদসালামির নামে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

ঈদের সালামির নামে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে মিরপুর মডেল থানার বড়বাগ বসতি আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে নানা অপরাধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার দুজনের নাম শাকিল আহমেদ (৩০) ও মো. আশফাকুর রহমান (২৮)। এর মধ্যে শাকিলের বিরুদ্ধে ২০১৬ সালে এক পোশাককর্মীকে ধর্ষণের মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। আর আশফাকুর অস্ত্র মামলাসহ দুটি মামলার আসামি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুজনই মিরপুরের চিহ্নিত অপরাধী। সোমবার তাঁরা ঈদসালামির নামে বড়বাগ বসতি আবাসিক এলাকায় বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ‘সমস্যা হবে’ বলেও হুমকি দেন। এ নিয়ে অভিযোগ পেয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।