সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার

মনিরুল ইসলামফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও দুই শ্যালককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ রোববার সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও মিরপুরের রাকিন সিটি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ডিবির প্রধান শফিকুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি আকতার হোসেন বলেন, ফারজানাকে মিরপুর ডিওএইচএস থেকে এবং তাঁর দুই ভাইকে রাকিন সিটি থেকে গ্রেপ্তার করা হয়।

ফারজানার দুই ভাই হলেন রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুন।

ফারজানা সাবেক অতিরিক্ত সচিব। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

মনিরুলকে ২০২৪ সালের ১৩ আগস্ট চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। তখন তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

আরও পড়ুন

গত অক্টোবরে মনিরুল ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এ আদেশ দেন। তখন দুদকের পক্ষ থেকে বলা হয়, এসব ব্যাংক হিসাবে ১৯ কোটি ৪৭ লাখ টাকা রয়েছে।

অন্য যাঁদের ব্যাংক হিসাব জব্দের আদেশ হয়, তাঁদের মধ্যে আছেন মনিরুলের স্ত্রী ফারজানা, মনিরুলের শ্যালক রেজাউল, শ্যালকের স্ত্রী সানজিদা খানম।

দুদকের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে মনিরুল ও তাঁর পরিবারের সদস্যরা অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। তাঁরা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে অবৈধ সম্পদের মালিক হয়েছেন মর্মে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে।

আরও পড়ুন