জুলাই হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন আবার রিমান্ডে
জুলাই গণ–অভ্যুত্থানের সময় দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর আবার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলাটির তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন আজ শনিবার মাসুদ উদ্দিনকে আবার সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শামসুদ্দোহা সুমন।
এর আগে মানব পাচার আইনে রাজধানীর পল্টন থানায় করা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে ৩ দফায় মোট ১৪ দিনের রিমান্ডে পায় পুলিশ। পরে ৭ এপ্রিল দেলোয়ার হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁর দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। এ অবস্থায় তথ্য যাচাইয়ের জন্য তাঁকে আবার সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
মামলার অভিযোগে বলা হয়, জুলাই গণ–অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মিরপুর-১০ নম্বরের ফলপট্টিতে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে দেলোয়ার হোসেন (৪০) গুলিবিদ্ধ হন। পরে ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় মামলা করা হয়।