চট্টগ্রামে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত ১
চট্টগ্রামে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ আজাদ (৩০)। আজ রোববার ভোরে নগরের পাহাড়তলী থানার নতুন বাজার বিশ্বরোডের মুখে এ ঘটনা ঘটে।
নিহত আজাদ পাহাড়তলী নতুন বাজার নাজিরবাড়ির লাডু ইব্রাহীমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম প্রথম আলোকে বলেন, ভোর পাঁচটার দিকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত আজাদ নামের একজনকে হাসপাতালে আনা হয়।
পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।
আজাদের চাচাতো ভাই মোহাম্মদ ইমন প্রথম আলোকে বলেন, আজাদ নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। আজ ভোরে নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছুরিকাঘাতে আহত হয়ে রাস্তায় পড়ে থাকলে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মারা যান। আজাদের দুই সন্তান রয়েছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।