মোটা অঙ্কের অর্থ নিয়ে পাঁচ শতাধিক ব্যক্তির কাউকেই বিদেশ পাঠায়নি তারা
চক্রের লক্ষ্যবস্তু কাজের সন্ধানে বিদেশ যেতে আগ্রহী দরিদ্র মানুষ। তাঁদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভনের ফাঁদে ফেলে গত দুই বছরে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি মানব পাচার চক্র।
এ সময়ে দালালদের মাধ্যমে পাঁচ শতাধিক ব্যক্তির পাসপোর্ট সংগ্রহ করে। যাঁরা মধ্যপ্রাচ্যে যেতে আগ্রহী, তাঁরা এ চক্রকে দিয়েছেন দুই থেকে তিন লাখ টাকা। আর যাঁরা ইউরোপে যেতে আগ্রহী, তাঁরা দিয়েছেন ছয় থেকে সাত লাখ টাকা।
টাকা নেওয়ার পর চক্রের সদস্যরা বিদেশ গমনে আগ্রহী ব্যক্তিদের বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানে চাকরির ভুয়া নিয়োগপত্র সরবরাহ করেছেন। তবে তাঁদের কেউ বিদেশে যেতে পারেননি।
এ চক্রের প্রধান মাহবুব উল হাসান (৫০) ও তাঁর সহযোগী মাহমুদ করিমকে (৩৬) গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে র্যাব-৩।
গতকাল বৃহস্পতিবার ঢাকার শান্তিনগর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার ঢাকার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
র্যাব জানায়, তাঁদের কাছ থেকে ৫২১টি পাসপোর্ট; সৌদি, ইরাক, কুয়েত, দুবাই, রোমানিয়া, কানাডা, কম্বোডিয়ায় চাকরির ভুয়া নিয়োগপত্রসহ বিভিন্ন ধরনের ভুয়া নথি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পাসপোর্টগুলো তাঁরা দুই বছরে বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করেন।
সংবাদ সম্মেলনে র্যাব-৩–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গত দুই বছরে বিদেশে পাঠানোর নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিলেও কাউকেই বিদেশে পাঠানো হয়নি। এমনকি বিদেশে পাঠানোর কোনো প্রক্রিয়াই শুরু করেনি তারা। বিদেশে যেতে বিলম্ব দেখে ভুক্তভোগীরা অর্থ ফেরত চাইলে চক্রের প্রধান মাহবুব উল আলম সেটি ফেরত দিচ্ছিলেন না।
তারপরও দালালদের মাধ্যমে বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আদায় করছিলেন তিনি। এসব অর্থ নিয়ে চক্রের প্রধান মাহবুব উল আলম তাঁর সহযোগীকে নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
র্যাব কর্মকর্তারা জানান, মাহবুব উল আলম ২২ বছর ধরে সংঘবদ্ধ মানব পাচার ও প্রতারক চক্রের সঙ্গে সম্পৃক্ত। করোনা মহামারির আগপর্যন্ত তারা উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানব পাচার করত।
ভুক্তভোগীদের তারা ভ্রমণ ভিসায় বিদেশ পাঠাত। তাঁরা বিদেশে গিয়ে বুঝতে পারতেন, প্রতারণার শিকার হয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার পর ভুক্তভোগীদের জিম্মি করতেন সেখানে অবস্থানকারী চক্রের সদস্যরা। তাঁদের কাজ দেওয়ার নাম করে অজ্ঞাত স্থানে বন্দী করে রাখা হতো। তাঁদের কোনো খাবার দেওয়া হতো না। সেখানে তাঁদের ওপর নির্মম নির্যাতন করা হতো। নির্যাতন সহ্য করতে না পেরে ভুক্তভোগীরা সেখান থেকে পালিয়ে নিজেদের চেষ্টায় দেশে ফিরে আসতেন। তবে গত দুই বছরে এ চক্র কাউকেই বিদেশে পাঠায়নি।
গ্রেপ্তার দুজন সম্পর্কে র্যাব জানায়, চক্রের প্রধান মাহবুব উল হাসান এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন। তিনি ১৯৯৩ সালে কাজের সন্ধানে মালয়েশিয়ায় যান। পাঁচ বছর পর দেশে ফিরে কৃষিকাজ শুরু করেন। স্বল্প পরিশ্রমে অধিক অর্থ উপার্জনের আশায় ২০০০ সাল থেকে শান্তিনগরের একটি এজেন্সির মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লোক পাঠানো শুরু করেন। ২০১৪ সালে শান্তিনগরের আরেকটি এজেন্সির মাধ্যমে বিদেশে মানব পাচার করছিলেন। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাহবুব আলমের মাধ্যমে যাঁরা বিদেশে গিয়েছেন, তাঁরা কেউই কাজ পাননি। পরে বাধ্য হয়েই দেশে ফিরেছেন। তাঁর সহযোগী মাহমুদ করিম এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন। তিনি ২০১২ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলায় চুরির দায়ে গ্রেপ্তার হয়ে সাত মাস কারাগারে ছিলেন। জামিনে মুক্ত হয়ে তিনি ২০১৩ সালে ঢাকায় আসেন। এক আত্মীয়ের মাধ্যমে মাহবুব উল আলমের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তিনি মাহবুব উল আলমের প্রধান সহযোগী হয়ে ওঠেন।