নরসিংদী উপজেলা চেয়ারম্যান হারুনুরকে গুলি, ঢাকায় গ্রেপ্তার ২
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হারুনুর রশিদ খানকে (৭০) গুলি করে আহত করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে হামলায় ব্যবহৃত দুটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। এ নিয়ে ডিএমপি ও নরসিংদীর পুলিশ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফরহাদ হোসেন ওরফে মোফাজ্জল হোসেন সরকার (৩৪) ও আরিফুল ইসলাম ওরফে আরিফ (২৮)। ডিবি বলেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হারুনুর রশিদকে গুলি করার কথা স্বীকার করেছেন।
আজ বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ প্রেস ব্রিফিংয়ে মো. হারুনুর রশিদ খানকে গুলি করে আহত করার অভিযোগে দুজনকে গ্রেপ্তারের কথা জানান। তিনি বলেন, ফরহাদ ও আরিফ জিজ্ঞাসাবাদে ডিবিকে বলেছেন, হারুনুর রশিদের বাসার ভেতরে ঢুকে তাঁকে তিনজন গুলি চালিয়ে হত্যা করেন। এ সময় তাঁরা দুজন চেয়ারম্যানের বাসার বাইরে পাহারা দিচ্ছিলেন। চেয়ারম্যান হারুনুরকে গুলি করে হামলাকারীরা দুটি রিভলবার ও রিভলবারের ছয়টি গুলি রেখে পালিয়ে যান। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে ডিবি রিভলবার ও গুলি উদ্ধার করে। গ্রেপ্তার ফরহাদ ও আরিফুলের বিরুদ্ধে মতিঝিল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাঁদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। নরসিংদীর শিবপুর পুলিশ চাইলে তাঁদের হত্যা মামলায় গ্রেপ্তার করে নিয়ে যেতে পারবে।
ডিবির কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফরহাদ ও আরিফ গুলি চালানো তিনজনের নাম–ঠিকানা ডিবিকে বলেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিবপুরের পুটিয়া বাজারের গরুর হাটের আড়াই কোটি টাকার ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে হারুনুর রশিদকে গুলি করা হয় বলে জানান তিনি।
অভিযান পরিচালনাকারী ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, হারুনুর রশিদকে গুলি করার ঘটনায় শিবপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ জড়িত। ঘটনার পর ফরহাদ ও আরিফ আসাদের সঙ্গে যোগাযোগ করে। তাঁর নির্দেশেই ফরহাদ ও আরিফ অস্ত্র-গুলিসহ ঢাকার মতিঝিলে আত্মগোপনে ছিলেন।
ডিবি সূত্র জানায়, হারুনুর রশিদকে হামলার পেছনে স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়ার হাত আছে। হামলাকারীরা তাঁর অনুসারী। দলীয় কোন্দল ও পুটিয়া বাজারে নিয়ে হারুনুর রশিদকে হত্যার চেষ্টা চালানো হয়।
গত ২৫ ফেব্রুয়ারি সন্ত্রাসীরা সকাল সোয়া ছয়টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কসংলগ্ন হারুনুর রশিদ খানের বাসায় ঢুকে তাঁকে গুলি করে আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওই দিন দুপুরেই তাঁর পিঠে (মেরুদণ্ডসংলগ্ন) বিদ্ধ হওয়া দুটি গুলি অপসারণ করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।