কলাবাগানে শিশু গৃহকর্মী নিহতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর কলাবাগানে আট বছর বয়সী গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে রোববার মামলাটি করেছে। এদিকে এখনো শিশুটির পরিবারের খোঁজ পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, শনিবার শিশুটির ময়নাতদন্ত শেষ হয়েছে। তবে পরিবারের খোঁজ না পাওয়ায় তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

শনিবার দুপুরে কলাবাগানের ভূতের গলির একটি বাসা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই বাসার মালিক সাথি পারভীন পলাতক। পুলিশের ধারণা, শিশুটিকে শ্বাস রোধ করে হত্যার পর পালিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী প্রথম আলোকে বলেন, রোববার বিকেলে পুলিশ বাদী হয়ে সাথি পারভীনকে আসামি করে হত্যা মামলা করেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

এদিকে গতকাল শিশুটির মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন কলাবাগান থানার এসআই নার্গিস আক্তার। তাতে তিনি উল্লেখ করেন, শিশুটি তিন বছর ধরে ওই বাসায় গৃহকর্মীর কাজ করত। গতকাল কোনো এক সময় তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়। এ ছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে নতুন ও পুরোনো জখমের চিহ্ন রয়েছে।