জাল শেনজেন ভিসায় ইতালিতে মানব পাচারের অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার
জাল শেনজেন ভিসা দিয়ে ইতালিতে মানব পাচারের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁর নাম মোহাম্মদ আখলাছুর রহমান (৪০)।
আজ মঙ্গলবার রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার বিশেষ পুলিশ সুপার বদরুল আলম মোল্লা।
গ্রেপ্তার আখলাছুর রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জুনিয়র অফিসার (গ্রাউন্ড সার্ভিস, আইএনএস গেট) হিসেবে কর্মরত। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আখলাছুরের গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জে। তিনি ঢাকার দক্ষিণখানের আশকোনা এলাকায় বসবাস করতেন।
সিআইডি জানায়, ইতালিতে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে আখলাছুরসহ মানব পাচারকারী চক্রের সদস্যরা দুই ব্যক্তির সঙ্গে জনপ্রতি ৩০ লাখ টাকার চুক্তি করেন। অগ্রিম হিসেবে তাঁরা জনপ্রতি ২০ লাখ টাকা নেন। পরে চক্রটি তাঁদের নেপাল ও ইতালিগামী বিমানের টিকিট, বোর্ডিং পাস এবং ইতালির জাল শেনজেন ভিসা সরবরাহ করে। গত ২৬ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই দুজন ইতালির উদ্দেশে যাত্রা করেন। রোমের লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের পাসপোর্টে থাকা শেনজেন ভিসাটি জাল বলে শনাক্ত করে। সেখানে তাঁদের দুই দিন হেফাজতে রাখার পর ২৮ মে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, দেশে ফেরার পর ইমিগ্রেশন পুলিশ, সিআইডি ও অন্যান্য সংস্থার জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা বিস্তারিত জানান। বিদেশে বৈধ কর্মসংস্থানের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জাল ভিসা সরবরাহের মাধ্যমে তাঁদের প্রতারণার ফাঁদে ফেলা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ অর্থও আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ৩০ মে রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা হয়।
সিআইডির এই কর্মকর্তা আরও বলেন, মানব পাচারকারী চক্রের মূল হোতা ও অন্য সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য সিআইডির তদন্ত চলছে। এ তদন্তেই মোহাম্মদ আখলাছুর রহমানের নাম বেরিয়ে আসে।
এদিকে বিদেশে কর্মসংস্থান, অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে কেবল সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দিয়েছে সিআইডি। একই সঙ্গে মানব পাচার, জাল ভিসা বা অবৈধ অভিবাসনসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।