স্বামীকে খুন করে ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ স্ত্রীর
ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে আত্মসমর্পণ করেছেন এক নারী। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া বড় মসজিদ থেকে ৯৯৯ নম্বরে ফোন করেন রেহেনা আক্তার (৪০)।
৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কনস্টেবল আরিফ হোসেন। বিষয়টি সংশ্লিষ্ট থানার সঙ্গে তদারক ও সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন।
৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেহেনা আক্তার ফোন করে জানান, আগের দিন রাতে তাঁর স্বামী মাহফুজুর রহমানকে (৪০) ঘুমের ওষুধ খাওয়ানোর পর ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন তিনি। খবর পেয়ে ৯৯৯ থেকে তাৎক্ষণিক সবুজবাগ থানাকে ব্যবস্থা নিতে জানানো হয়। পরে সবুজবাগ থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে।
প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহ এবং স্বামী পরকীয়ায় লিপ্ত থাকায় ক্ষিপ্ত হয়ে রেহেনা আক্তার তাঁর স্বামীকে হত্যা করেছেন।