খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

হামলা-ভাঙচুরের পর বন্ধ রাখা হয়েছে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁ। আজ শুক্রবার দুপুরের চিত্রছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল যুবক। তাঁরা মহাখালীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে মহাখালীর আমতলী এলাকায় তিতুমীর কলেজের কাছে সড়কের উল্টো দিকের রেস্তোরাঁটিতে হামলা–ভাঙচুরের এ ঘটনা ঘটে। এ সময় রেস্তোরাঁকর্মীদের সঙ্গে ওই যুবকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দেশি নানা পদের খাবারের জন্য দূরবীন বাংলা রেস্তোরাঁটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেখানে সকাল থেকেই খাবারের জন্য ভিড় করেন লোকজন। খাবার খাওয়ার জন্য বসার জায়গা পেতে সিরিয়াল দিতে হয়। এতে অনেক সময় লাগায় অনেকে বিরক্তও হয়ে থাকেন।

হামলা–ভাঙচুর করা হয়েছে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয়। আজ শুক্রবার দুপুরের চিত্র
ছবি: সংগৃহীত

এমনই একটি ঘটনা ঘিরে আজকের এই হামলা–ভাঙচুর হয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন প্রথম আলোকে বলেছেন, দূরবীন বাংলা রেস্তোরাঁয় খাবার খেতে সিরিয়াল দিতে হয়। এই সিরিয়ালকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের ঝগড়া ও মারামারি হয়েছে। পরে শিক্ষার্থীরা আরও সহপাঠীদের ডেকে এনে রেস্তোরাঁর ভেতরে ভাঙচুর চালিয়েছেন।

ঘটনা সম্পর্কে দূরবীন বাংলা রেস্তোরাঁর মালিক সাফিন বেগ সাংবাদিকদের বলেছেন, প্রথমে একটা ছেলে এসেছিলেন। একটা চেয়ার খালি হওয়ার পর তিনি সেখানে বসে পড়েন। সেই জায়গাটার জন্য একটি পরিবার আগে থেকেই সিরিয়ালে ছিল। ছেলেটি সেখানে বসে পড়ার পর ওই পরিবারের লোকজনের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। এ সময় রেস্তোরাঁর একজন কর্মী সেখানে গিয়ে বিষয়টি মিটমাট করতে চান। ওই ছেলে ছাত্র হতে পারে, সেটা বুঝে রেস্তোরাঁর কর্মী তাঁকে আরেকটি জায়গা করে দেওয়ার কথা বলছিলেন। কিন্তু এতে তিনি খেপে রেস্তোঁরা থেকে বেরিয়ে যান।

মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় ভাঙচুর করছেন একদল যুবক। আজ শুক্রবার সকাল ১১টার দিকে
ছবি: ভিডিও থেকে নেওয়া

সাফিন বেগ বলেন, ‘কিছুক্ষণ পর তিনি কয়েকজন নিয়ে এসে প্রথমে রেস্তোরাঁর বাইরে আমাদের স্টাফ খলিলকে বেদম মারধর করেন। এরপর শুরু হয় ভাঙচুর।’

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, একদল বিক্ষুব্ধ যুবক হঠাৎ করে ওই রেস্তোরাঁর ভেতরে ঢুকে পড়ে। এ সময় তাঁরা চেয়ার, টেবিল ও বিভিন্ন আসবাব তুলে ব্যাপক ভাঙচুর চালান।

পুলিশ সূত্রে জানা গেছে, রেস্তোরাঁয় বসা নিয়ে ওই তরুণের সঙ্গে রেস্তোরাঁকর্মীদের বাগ্‌বিতণ্ডার জের ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থাপককে লাঞ্ছিত করা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়। দুপুরে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। উপকমিশনার রুহুল কবীর সাংবাদিক বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফুটেজ আছে, হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি রেস্তোঁরার মালিক সাফিনকে যত দ্রুত সম্ভব রেস্তোরাঁটি খোলার পরামর্শ দেন। সেখানে পুলিশ থাকবে বলে আশ্বস্ত করেন উপকমিশনার রুহুল কবীর খান।