দুই কিশোরকে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিল ছিনতাইকারীরা
টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে দুই কিশোরকে মারধর করে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
জুম্মন (১৬) ও তৌফিক (১৫) নামের ওই দুই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তৌফিক প্রথম আলোকে বলে, জুম্মন ও তার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায়। সন্ধ্যার পর নরসিংদী রেলস্টেশন থেকে তারা কাজের উদ্দেশ্যে একটি ট্রেনের ছাদে উঠে বসে। ট্রেনটি তেজগাঁও এলাকায় পৌঁছালে চার ছিনতাইকারী ছুরির মুখে তাদের জিম্মি করে মারধর করে।
এ সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ৭০০ টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তাদের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয় বলে জানায় তৌফিক।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সেলিম প্রথম আলোকে বলেন, আহত দুই কিশোরকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।