পারাবত এক্সপ্রেস থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

গাঁজাসহ গ্রেপ্তার তোফাজ্জল ওরফে আমিরছবি: পুলিশের সৌজন্যে

সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে ভৈরব রেলওয়ে থানা-পুলিশ। গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম তোফাজ্জল ওরফে আমির (২৭)।

গতকাল রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব রেলওয়ে থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও তোফাজ্জলকে গ্রেপ্তার করে। ঢাকা রেলওয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ সূত্র জানায়, পারাবত এক্সপ্রেস ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত ‘খ’ বগির ওপরে রাখা তিনটি স্কুলব্যাগে তল্লাশি করা হয়। এ সময় স্কচটেপ দিয়ে মোড়ানো ৯টি গাঁজার পুটলা উদ্ধার করা হয়। প্রতিটি পুটলার ওজন আনুমানিক ২ কেজি করে মোট ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধার হওয়া আলামত জব্দ করে তোফাজ্জলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

ঢাকা রেলওয়ে পুলিশ বলছে, রেলপথে মাদক পাচার প্রতিরোধ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।