থানার কাছে অচেতন অবস্থায় পড়ে ছিলেন তরুণ, পরে হাসপাতালে মৃত্যু
শুক্রবার রাত আটটা। কামরাঙ্গীরচর থানার সামনে সাবেক শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের এক পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন এক তরুণ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পাশ দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে পথচারী মো. নাজিমের। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় অচেতন ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে ওই তরুণকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর বয়স আনুমানিক ২২ বছর। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, তরুণের পরনে ছিল কালো ট্রাউজার ও হাফ হাতা গেঞ্জি। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কামরাঙ্গীরচর থানাকে জানানো হয়েছে।