জমি নিয়ে বিরোধের জেরে পুরান ঢাকার রহমতগঞ্জে আলী আকবর (৬০) নামের একজন খুন হয়েছেন বলে স্বজনেরা অভিযোগ করেছেন। বুধবার বেলা পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
আলী আকবরের সঙ্গে তাঁর বড় ভাই হাজি ফারুকের জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধপূর্ণ সেই জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে বুধবার দুপুরের দিকে বড় ভাইয়ের ছেলের হাতে আলী আকবর গুরুতর আহত হন বলে তাঁর স্বজনেরা জানান। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, পেশায় ডাল ব্যবসায়ী আলী আকবর ১ নম্বর রহমতগঞ্জে পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি।
পুলিশ ও নিহতের স্বজনেরা বলেন, বিরোধপূর্ণ ওই জমিতে বাড়ি নির্মাণের জন্য সম্প্রতি একটি আবাসনপ্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। বুধবার দুপুরের দিকে বাড়ি নির্মাণ করা নিয়ে বড় ভাইয়ের এক ছেলের হাতে আলী আকবর গুরুতর আহত হন। এরপর স্বজনেরা অচেতন অবস্থায় আলী আকবরকে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে ছিলেন নিহতের শ্যালক সাজ্জাদ হোসেন ওরফে সালেহীন। তিনি প্রথম আলোকে বলেন, আলী আকবরের সঙ্গে বাড়ি নির্মাণ করা নিয়ে প্রথমে তাঁর বড় ভাই হাজি ফারুকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ফারুকের ছেলে জুবায়ের আলী আকবরকে মারপিট করলে অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
সাজ্জাদ হোসেন আরও বলেন, তাঁর ভগ্নিপতি দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন। সম্প্রতি তাঁর শরীরে রিং পরানো হয়েছিল। তিনি এ হত্যাকাণ্ডের বিচার চান।
এ ব্যাপারে জানতে চাইলে চকবাজার থানার পরিদর্শক (অভিযান) মো. শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’