নারীদের ‘ধাক্কা দিয়ে’ ছিনতাই, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর এলাকা থেকে রোববার ছিনতাইকারী চক্রের সদস্য সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকা থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিরপুর মডেল থানার ১০ নম্বর গোল চত্বর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন মো. রাসেল (২২), মো. আমান (২৪), মো. উজ্জ্বল (২৩) ও মো. রনি (১৯)। পুলিশ বলছে, তাঁরা নারীদের ধাক্কা দিয়ে বিশেষ কায়দায় ছিনতাই করেন বলে তাঁরা ‘ধাক্কা পার্টি’ নামে পরিচিত।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা চিহ্নিত অপরাধী। তাঁদের সবার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁরা সাধারণত নারীদের কাছ থেকে ছিনতাই করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, চক্রের সদস্যরা মার্কেট ও শপিং মলের মতো জনবহুল স্থানে অবস্থান করেন। সেখানে কোনো নারীকে দেখলে তাঁদের দুজন গিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন। এরপর ওই নারীর সঙ্গে কথা–কাটাকাটির এক পর্যায়ে চক্রের বাকিরা তাঁর ব্যাগ ও মুঠোফোন নিয়ে পালিয়ে যান।

ওসি মহসিন আরও বলেন, রোববারও তাঁরা একই কায়দায় মুঠোফোন নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ছিনতাই করা মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে।