স্ত্রী–সন্তানকে নিয়ে ফিরছিলেন এসআই, পিঠে দুর্বৃত্তের ছুরিকাঘাতে লাগল ৪৩ সেলাই
রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওসমান গনি নামের পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাঁকে রাজারবাগে কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসমান গনি বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই)। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই ওসমান গনি সপরিবার মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় থাকেন। বৃহস্পতিবার রাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাজার করে বাসায় ফিরছিলেন। এ সময় কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে এক দুর্বৃত্ত পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায়ও তিনি হামলাকারীকে ধাওয়া করেছিলেন, তবে তাকে আটক করতে পারেননি।
ওসমান গনিকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পিঠের গভীর ক্ষতস্থানে চিকিৎসকেরা ৪৩টি সেলাই দেন। পরে তাঁকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা প্রথম আলোকে বলেন, ওসমান গনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় কর্মরত। এটি ছিনতাইয়ের ঘটনা নয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, হামলায় মোট তিনজন অংশ নিয়েছিল। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তারা ধরা পড়লে হামলার প্রকৃত কারণ জানা যাবে।