ট্রাকের তেলের ট্যাংকে ১ লাখ ৯০ হাজার ইয়াবা
পণ্যবাহী ট্রাকের তেলের ট্যাংকের ভেতর ১ লাখ ৯০ হাজার ইয়াবা বড়ি লুকিয়ে পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শনিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে গাজীপুরে যাচ্ছিলেন। সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তার তিনজন হলেন আমিনুল ইসলাম, নুরুল ইসলাম ও হেদায়েত উল্লাহ। র্যাব বলছে, তাঁরা পণ্য পরিবহনের আড়ালে মাদক পাচার চক্রের সদস্য। এই ঘটনায় ট্রাকমালিকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, টেকনাফ থেকে ঢাকা হয়ে গাজীপুরে যাচ্ছিল ট্রাকটি। গাজীপুরের তিনটি সিন্ডিকেটের কাছে ইয়াবা পৌঁছে দেওয়ার কথা ছিল। ইয়াবার প্যাকেটের গায়ে তিনটি কোড নম্বর পাওয়া গেছে। কোড নম্বর ধরে ইয়াবার মূল মালিককে শনাক্তের চেষ্টা চলছে।
খন্দকার আল মঈন বলেন, চক্রটি চার থেকে পাঁচ বছর ধরে পণ্য পরিবহনের আড়ালে টেকনাফ থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছিল। চক্রটিতে সাত থেকে আটজন চালক ও চালকের সহকারী রয়েছেন। চক্রের সদস্যরা ট্রাক নিয়ে কক্সবাজারে যান। সেখান থেকে গিয়ে ইয়াবা নিয়ে আসেন।
কক্সবাজারের চকরিয়ার একটি ওয়ার্কশপে ট্রাকের তেলের ট্যাংকের ভেতর ইয়াবা রাখার জন্য গোপন প্রকোষ্ঠ তৈরি করা হয় বলে জানতে পেরেছে র্যাব। বিষয়টি খতিয়ে দেখে তারা ব্যবস্থা নিচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার আমিনুল ট্রাকচালকের সহযোগী হিসেবে কাজ করেন। তিনি পণ্য পরিবহনের আড়ালে মাদক পাচার সিন্ডিকেটের সক্রিয় সদস্য। টেকনাফ থেকে মাদকের একটি চালান ঢাকা ও তার আশপাশের এলাকায় পৌঁছে দিতে পারলে চালক পান ৪০ থেকে ৫০ হাজার টাকা। তাঁর সহযোগী পান ২০ থেকে ২৫ হাজার টাকা।
র্যাব জানায়, ইয়াবাসহ ট্রাকটি চালাচ্ছিলেন নুরুল। তিনি একসময় টেম্পোচালক ছিলেন। ১০ বছর ধরে তিনি ট্রাক চালাচ্ছেন। তবে তাঁর কোনো লাইসেন্স নেই।