পুকুর ভরাট করায় সাবেক কাউন্সিলরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া

চট্টগ্রামে পুকুর ভরাটের অভিযোগে জাবেদ নজরুল ইসলাম নামের সাবেক একজন ওয়ার্ড কাউন্সিলরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ রোববার বিকেলে ডবলমুরিং থানায় এ মামলা করেন অধিদপ্তরের পরিদর্শক সাখাওয়াত হোসাইন।

২ আগস্ট সাখাওয়াত হোসাইনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি দল আগ্রাবাদ দাইয়াপাড়া এলাকার পুকুরটি পরিদর্শন করে ভরাটের প্রমাণ পায়। পরে এ ঘটনায় মামলা করা হয়। মামলায় ১ নম্বর বিবাদী করা হয়েছে সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাবেদ নজরুল ইসলামকে।

অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের উপপরিচালক মিয়া মাহমদুল হক প্রথম আলোকে বলেন, সাবেক কাউন্সিলর ও অংশীদারেরা মিলে পুকুরটি ভরাট করছিলেন। এ জন্য মামলা করা হয়েছে।

মামলার বিবাদীরা হলেন জাবেদ নজরুল ইসলাম, সায়েদুল ইসলাম, আকলিমা বেগম, নাজির হোসাইন, জাকির হোসেন, জমিলা বেগম, তওসিফ তানজিম হোসাইন, আলতাফ হোছাইন, মো. আজগর হোসাইন, মোবারক হোসেন, নাসিমা বেগম, সেলিমা বেগম, তাসলিমা বেগম, রহিমা বেগম ও ওয়াহিদুল ইসলাম।

অভিযোগের বিষয়ে কথা বলতে জাবেদ নজরুল ইসলামকে কয়েকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি।