হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ছুরিকাঘাতপ্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর আহমেদ ওরফে বুলেট (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হাজারীবাগ পার্ক–সংলগ্ন সড়কে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির স্বজনেরা জানিয়েছেন, আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহত ব্যক্তির ছোট ভাই শাওন হোসেন বলেন, সাগর আগে একটি লজেন্স কারখানায় কাজ করতেন। পরে বিভিন্ন সময় বিভিন্ন পেশায় কাজ করেছেন। সর্বশেষ কিছুদিন গাড়িচালকের সহকারী হিসেবেও কাজ করেন।

শাওনের ভাষ্য, কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ভাইয়ের মাথার বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত অবস্থায় হাজারীবাগ পার্ক–সংলগ্ন সড়কে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে তাঁরা ঘটনাটি জানতে পারেন।

সাগর আহমেদ বুলেট হাজারীবাগের ভাগলপুর লেন-১৫ এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম মৃত শাহাদাত হোসেন।