স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবক খুন
স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মো. সাগর (২২) নামের এক যুবককে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি মো. রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১২ জুলাই ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বন্দ ডাকপাড়া এলাকায় ডেকে নিয়ে মো. সাগরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এরপর সাগরের বাবা খোকন খান বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় রাকিবকে প্রধান আসামি করা হয়।
আজ সোমবার রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্ত ধর এসব তথ্য জানান।
বিশেষ পুলিশ সুপার বলেন, সাগর ও রাকিব একই এলাকার বাসিন্দা। তিন মাস আগে সাগর বিয়ে করেন। রাকিব তাঁর বন্ধুদের নিয়ে সাগরের বাসার সামনে আড্ডা দিতেন। তাঁরা সাগরের স্ত্রীসহ অনেক মেয়েকে উত্ত্যক্ত করতেন।
মুক্ত ধর আরও বলেন, স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সাগরকে ‘শিক্ষা’ দেওয়ার জন্যই তাঁর ওপর হামলা করা হয়।