ফিরে না আসা গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করা হচ্ছে: চিফ প্রসিকিউটর
গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো ২৮০ জন ফিরে আসেননি বলে গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, তাঁদের ভাগ্যে কী ঘটেছে, জানা যায়নি। তবে তাঁদের পরিবার ন্যায়বিচার পাবে বলে আশ্বস্ত করেন তিনি।
আজ বুধবার ট্রাইব্যুনালে আমিনুল ইসলাম এ তথ্য জানান। গুমের এসব ঘটনা তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
যখনই নির্বাচন বা অন্য কোনো উপলক্ষ আসত, তখন রাজনৈতিক বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিছু মানুষকে তুলে নিয়ে যাওয়া হতো উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, তাঁদের তুলে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করত কিংবা গুম করে দিত। এ রকম অনেকেরই সন্ধান তাঁরা এখন পর্যন্ত পাননি। গুম কমিশনের তালিকায় এ রকম ২৮০ জনের নাম উঠে এসেছে। এই মানুষগুলোর ভাগ্যে কী ঘটেছে, তা তাঁরা এখন পর্যন্ত জানেন না।
ইতিমধ্যে সরকার গুম প্রতিরোধ এবং প্রতিকার–সংক্রান্ত আইন প্রণয়ন করেছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, সে আইনে বলা হয়েছে, এখন পর্যন্ত যাঁরা গুম আছেন, তাঁদের মধ্যে যেসব ঘটনা ব্যাপকমাত্রায় ও পদ্ধতিগত সেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে। অন্য গুমের ঘটনাগুলো দায়রা আদালতে বিচার হবে।
ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক–এর সমন্বয়ক সানজিদা ইসলাম (তুলি)। তিনি গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আজ ট্রাইব্যুনালে আসেন।
সানজিদা ইসলাম বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরের (২০১৩ সালের নভেম্বর) দুই সপ্তাহে ঢাকার উত্তরা থেকে সূত্রাপুর পর্যন্ত ২২ জনকে তুলে নিয়ে যাওয়া হয়। এসব ঘটনা একটির সঙ্গে আরেকটি সম্পৃক্ত। সারা দেশেই এ ধরনের ঘটনা ঘটেছে। এত ঘটনা তদন্ত করার জন্য ট্রাইব্যুনালের বর্তমান যে সক্ষমতা রয়েছে, তা যথেষ্ট কি না, সে প্রশ্ন তুলেছেন তিনি।
রাষ্ট্রীয় মদদে যখন গুম করা হয়, তখন আলামতগুলো এমনিতেই নষ্ট করা হয় উল্লেখ করে সানজিদা ইসলাম বলেন, এই মামলাগুলো ত্বরান্বিত করতে তদন্ত সংস্থায় কিছু ইউনিট প্রয়োজনে যোগ করার তাগিদ দেন তিনি।