পানিনিষ্কাশনের ঢাকনায় আটকা পড়েছিল নবজাতকের লাশটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবজাতক
প্রতীকী ছবি

রাজধানীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনের সড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। লাশটি সড়কের পাশে ড্রেনের ওপর থাকা পানিনিষ্কাশনের গ্রিলের ঢাকনার ওপর আটকা পড়েছিল।

আজ মঙ্গলবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। নবজাতকের বয়স এক বা দুই দিন হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানার উপপরিদর্শক মামুনুর রশিদ মামুন প্রথম আলোকে বলেন, ঢাকা মেডিকেলের বহির্বিভাগের বাইরে পুলিশ বক্সের সামনের সড়কের পাশে ড্রেনের ওপর থাকা পানিনিষ্কাশনের গ্রিলের ঢাকনার ওপর লাশটি আটকা পড়েছিল।

মামুনুর রশিদ আরও বলেন, গতকাল সোমবার প্রবল বর্ষণের কারণে সড়কটি ডুবে গিয়েছিল। আজ পানি নেমে যাওয়ার পর পানিনিষ্কাশনের গ্রিলের ঢাকনার ওপর নবজাতকের লাশ দেখে স্থানীয় ব্যক্তিরা থানায় জানান। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।