৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: নিরাপত্তাকর্মী রাসেল আবার রিমান্ডে

আদালতপ্রতীকী ছবি

রাজধানী পশ্চিম রামপুরায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় নিরাপত্তাকর্মী রাসেল মৃধাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে অভিযুক্ত রাসেলের আইনজীবী জহির হোসেন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মারুফ রেজা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে পশ্চিম রামপুরার বাসা থেকে খেলতে যাওয়ার কথা বলে বের হয় ওই শিশু। পরে আর বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত সাড়ে ১১টার দিকে বাসার পাশের একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে পানির মধ্যে উপুড় অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা হাতিরঝিল থানায় ২৫ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় ৫৪ ধারায় পুলিশ নিরাপত্তাকর্মী রাসেল মৃধাকে গ্রেপ্তার করে। পরে হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ মার্চ প্রথম দফায় রিমান্ডে পাঠান আদালত। পরে মেডিক্যাল রিপোর্ট এলে এই মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ফের রিমান্ডের জন্য আবেদন জানান।

রিমান্ড আবেদনে বলা হয়, ময়নাতদন্ত এবং ভিসেরা প্রতিবেদনে দেখা যায়, ছয় বছর বয়সী ওই শিশুকে পানিতে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে এবং হত্যার আগে তাকে ধর্ষণের লক্ষণ পাওয়া গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম (ডিবি) প্রথম আলোকে জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে নতুন তথ্য পাওয়াই তাঁকে নতুন করে রিমান্ডে নেওয়া হয়েছে।