রাজধানীতে ওয়ার্ড বিএনপির সাবেক নেতা ও জুতা ব্যবসায়ী গুলিবিদ্ধ

গুলিপ্রতীকী ছবি: রয়টার্স

রাজধানীর পান্থপথ এলাকায় দুষ্কৃতকারীর হামলায় মো. শফিকুর রহমান (৫৫) নামে বিএনপির সাবেক নেতা ও জুতা ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে বসুন্ধরা শপিং মলের বিপরীতে জুতার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। শফিকুর রহমান ১৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক বলে জানা গেছে।

আহত শফিকুরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শফিকুরকে হাসপাতালে নিয়ে আসা শাহপরান বলেন, জুতার মার্কেটের সামনে দুষ্কৃতকারীর গুলিতে তিনি আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শফিকুর রহমান জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাঁর বাঁ হাতের তালুতে গুলি লেগেছে।

শফিকুর রহমান কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সিদলাই গ্রামের মৃত মফিদুল ইসলামের ছেলে।