ঢাকার মিরপুরে বখাটে তরুণদের মারধরে ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর মিরপুরে একদল তরুণের হাতে মারধরের শিকার হয়ে ওমর ফারুক (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে শাহ আলী থানা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, এক প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বের জেরে শাহ আলী এলাকার ডি ব্লকে হাজী ফার্মেসির সামনে কয়েকজন ওমর ফারুককে লাঞ্ছিত করেন ও চড়থাপ্পড় দেন। ওমর ফারুক তখন ঘটনাস্থলের পাশেই তাঁর বাসায় চলে যান। তখন তাঁর বাসা লক্ষ্য করে ঢিল ছোড়েন ওই তরুণেরা। ওই ব্যক্তি বাসায় যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, স্থানীয় মাফিক মিম, রনিসহ একদল বখাটে ওমর ফারুককে মারধর করে। প্রায় দেড় মাস আগে মিমের সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়েছিল। সে ঘটনার জেরে বখাটে তরুণেরা তাঁকে মারধর করেন এবং বাসায় ঢিল ছোড়েন।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার জসিম উদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে ভুক্তভোগী পরিবার এখনো মামলা করেনি।