ঋণখেলাপির মামলায় চট্টগ্রামে ব্যবসায়ী দম্পতির কারাদণ্ড
চট্টগ্রামভিত্তিক এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম ও তাঁর স্ত্রীকে চট্টগ্রামে ঋণখেলাপির দুই মামলায় ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। শাহাবুদ্দিনের স্ত্রীর নাম ইয়াসমিন আলম। তিনি প্রতিষ্ঠানির পরিচালক।
আজ সোমবার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। তিনি প্রথম আলোকে বলেন, গৃহীত ঋণের বিপরীতে কোনো স্থাবর–অস্থাবর সম্পত্তি বন্ধক বা সহায়ক জামানত হিসেবে নেই। মামলা হওয়ার পাঁচ বছর অতিক্রম করলেও ঋণ পরিশোধ করা হয়নি।
আদালত সূত্র জানায়, রূপালী ব্যাংক লিমিটেডের ১৭৪ কোটি ৩০ লাখ ১ হাজার ৮১৪ টাকার ঋণখেলাপির মামলায় ব্যবসায়ী শাহাবুদ্দিন আলম ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলমকে পাঁচ মাসের কারাদণ্ড এবং একই ব্যাংকের ১০৩ কোটি ৮৫ লাখ ২ হাজার ৪৪৬ টাকার ঋণখেলাপির অন্য আরেকটি মামলায় তাদের আরও পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুটি মামলায় তারা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এই ঋণগুলো ছিল জামানতবিহীন।
গত মার্চ মাসে অগ্রণী ব্যাংকের ১১২ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগে করা মামলায় স্ত্রীসহ শাহাবুদ্দিন এবং তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।
আজ মঙ্গলবার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মো. মুজাহিদুর রহমান এই আদেশ দেন।