কাফরুলে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার
রাজধানীর কাফরুলের কাজীপাড়া মেট্রোস্টেশনের পাশে একটি সাততলা ভবনের ফ্ল্যাট থেকে রাবেয়া ওরফে জেনি খান (২৪) নামের এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রাথমিক আলামতের ভিত্তিতে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দরজা ভেঙে ভেতর থেকে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, গত এপ্রিল মাস থেকে ওই ফ্ল্যাটে স্বামী আশিকুজ্জামানের সঙ্গে ভাড়া থাকতেন রাবেয়া। আশিকুজ্জামানের বাসা শাহ আলী থানা এলাকায় বলে জানা গেছে। পরিবারের অমতে বিয়ে করায় তাঁদের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক টানাপোড়েন ও কলহ চলছিল বলে স্বজনেরা জানিয়েছেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, গত ১৪ জুন রাত ১২টার দিকে আশিকুজ্জামান বাসা থেকে বের হন বলে জানা গেছে। এরপর আর ফেরেননি। আজ ফ্ল্যাটের আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা লাগানো ছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করা হয়। সেখানে বিছানার ওপর রাবেয়ার মরদেহ পাওয়া যায়।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, মরদেহে পচন ধরে অর্ধগলিত অবস্থায় ছিল। এ কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলের পরিস্থিতি ও অন্যান্য আলামত বিবেচনায় এটিকে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকেই রাবেয়ার স্বামী আশিকুজ্জামানকে পাওয়া যাচ্ছে না। তাঁকে খুঁজছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।