স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যা করে লাশ বস্তাবন্দী করে রাখার অভিযোগ
রাজধানীর জুরাইনে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে দোলনা বেগম (৫০) নামের এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে ওই নারীর স্বামী দেলওয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পারিবারিক সূত্র জানায়, এই দম্পতি জুরাইনে নাবারন গলির একটি বাড়িতে থাকতেন। দোলনা বেগমের স্বামী দেলওয়ার ওই বাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন। আগের স্বামী মারা যাওয়ায় ১৭ বছর আগে তিনি দেলওয়ারকে বিয়ে করেন। এই ঘরে তাঁর দুই মেয়ে আছে।
দোলনার ভাই জহিরুল হকের অভিযোগ, দেলওয়ার তাঁর বোনকে হত্যা করে লাশ বস্তাবন্দী করে রেখেছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ১ সেপ্টেম্বর সকালে দোলনার দুই মেয়ে স্কুলে যায়। বাসায় ফিরে মাকে পায়নি তারা। এ সময় দেলওয়ার তাদের বলেন, ‘তোদের মা গাজীপুরে তোদের খালার বাসায় গেছে।’ কিন্তু সেখানেসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও দোলনার সন্ধান পাওয়া যায়নি।
জহিরুল হক বলেন, অন্য নারীর সঙ্গে দেলওয়ারের সম্পর্ক ছিল। দোলনা বাধা দিলে তাঁকে মারধর করতেন তিনি। এমনকি মেরে ফেলারও হুমকি দিতেন। ২ সেপ্টেম্বর দেলওয়ার তাঁকে ফোন করে বলেন, দোলনা তাঁর বোনের বাসায় চলে গেছেন। দুই দিনে বোনের সন্ধান না পেয়ে ৩ সেপ্টেম্বর কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। খোঁজাখুঁজির একপর্যায়ে দেলওয়ার যে বাড়িতে থাকতেন, সেটির নির্মাণাধীন পাঁচতলার ফ্ল্যাটের একটি কক্ষের তালা ভেঙে দোলনার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
কদমতলী থানার উপপরিদর্শক আঙ্গুরী আক্তার প্রথম আলোকে বলেন, দোলনার ভাই জহিরুল হক বাদী হয়ে দেলওয়ারকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করেন। ময়নাতদন্তের জন্য দোলনার মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।