সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে সাড়ে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তার দুজন হলেন মিনা আক্তার (৩৫) ও খায়রুল ইসলাম (২২)।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ বিষয়টি প্রক্রিয়াধীন।

সিটিটিসির বরাত দিয়ে ডিএমপি জানায়, বুধবার আনুমানিক রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায় সিটিটিসি। অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মিনা আক্তার ও খায়রুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মিনা আক্তার তাঁর সহযোগী খায়রুল ইসলামের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।