পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শকের বাসা থেকে ৪৬ ভরি স্বর্ণ চুরি
রাজধানীর রমনার ইস্কাটন গার্ডেন এলাকায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) খন্দকার মোজাম্মেল হকের বাসায় গ্রিল কেটে স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা চুরির ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার মোজাম্মেল হকের মেয়ে মৌটুসী খন্দকার রমনা থানায় একটি মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, চোরেরা বাসা থেকে একটি লকার নিয়ে যায়। ওই লকারে প্রায় ৪৬ ভরি স্বর্ণ, মালয়েশিয়ান ১৫০ রিঙ্গিত এবং ৪০০ সিঙ্গাপুরিয়ান ডলার ছিল।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রিল কেটে ছয়তলার বাসায় ঢুকে চুরি করেছে চোর চক্র। এটি একটি ডুপ্লেক্স বাসা। নিচের তলায় অতিরিক্ত আইজিপি মোজাম্মেল হক এবং তাঁর স্ত্রী ছিলেন। ওপরে তাঁর বোন এবং গৃহকর্মী ছিলেন। যে কক্ষ থেকে স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা চুরি হয়েছে, সেখানে কেউ ছিলেন না।
মনিরুল ইসলাম বলেন, সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে। চোরদের শনাক্ত করে গ্রেপ্তারে এরই মধ্যে কাজ শুরু হয়েছে।
পুলিশ জানায়, চোর চক্র শনাক্ত ও গ্রেপ্তারে থানা–পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ (ডিবি), অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিট কাজ করছে।