বিমানবন্দরে ১০ হাজার ইয়াবাসহ সৌদিগামী যাত্রী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ওই যাত্রীর নাম রুবেল হাসান। ইয়াবা নিয়ে তিনি সৌদি আরব যাচ্ছিলেন।
আজ শনিবার বেলা দেড়টার দিকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।
জিয়াউল হক বলেন, রুবেল হাসান বিমানবন্দরের ভেতরে থাকা অবস্থায় তাঁর গতিবিধি সন্দেহজনক হলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে ১০ হাজারের বেশি ইয়াবা বড়িসহ তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানিয়েছেন, সৌদি আরবে অবস্থান করা এক ব্যক্তি তাঁকে বাংলাদেশ থেকে সৌদি আরবে ইয়াবা নিয়ে যেতে বলেছিলেন। সৌদি আরবে নিয়ে গেলে তাঁকে তিন লাখ টাকা দেওয়ার কথা ছিল।