ঢাকা থেকে অপহরণ করে গজারিয়ায় খুনের দায়ে ৮ জনের যাবজ্জীবন
পাঁচ বছর আগে রাজধানীর মিরপুর থেকে সোহেল প্রধানকে অপহরণের পর মুন্সিগঞ্জে নিয়ে খুন করার দায়ে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন আরও ১২ আসামি।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩–এর বিচারক মো. মাসুদ করিম আজ বুধবার এ রায় দেন। প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মাহবুবুর রহমান।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন কামাল মোল্লা, জামাল মোল্লা, বিল্লাল মোল্লা, হারুন মোল্লা, মহসিন মোল্লা, পলাতক আমির হোসেন, পলাতক জাকির হোসেন এবং পলাতক জাবেদ হোসেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
খালাস পাওয়া আসামিরা হলেন মো.ফারুক, রুবেল, জাকির হোসেন, ইমাম হোসেন, মোশারফ হোসেন, বিল্লাল খান, আনিছুর রহমান, আলী আকবর, নুরুজ্জামান, ওয়ায়েছ কুরুনী, রানা মোল্লা ও আবদুল গাফফার।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, পূর্বশত্রুতার জেরে ২০১৭ সালের ৫ মে মুন্সিগঞ্জের গজারিয়ার সোহেল প্রধান নামের এক ব্যক্তিকে রাজধানীর মিরপুর থেকে অপহরণ করে নিয়ে যান আসামিরা। পরে মুন্সিগঞ্জের গজারিয়ার টেংগারচরের ভুট্টাখেতে লোহার হাতুড়ি, রড দিয়ে তাঁকে গুরুতর জখম করেন।
পরে স্থানীয় লোকজন তাঁকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে সোহেলের স্বজনেরা হাসপাতালে আসার পর পুরো ঘটনা মা ও স্বজনদের কাছে বলেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সোহেলের মা সুফিয়া বেগম বাদী হয়ে গজারিয়া থানায় খুনের মামলা করেন। মামলাটি তদন্ত করে প্রথমে ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয় ২৮ জনকে।
আদালত ২০২২ সালের ২৮ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষ থেকে ১৯ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।