মোহাম্মদপুরে রাতে ঘুরতে বেরিয়ে ছিনতাইয়ের শিকার দুদকের মহাপরিচালক
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত–২) মো. মোতাহার হোসেন। শনিবার রাতে রেসিডেনসিয়াল মডেল কলেজের পেছনে ছিনতাইকারীরা তাঁকে কুপিয়ে মুঠোফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
পুলিশ সূত্র জানায়, ছিনতাইকারীদের হামলায় তাঁর ঘাড় ও চোখে গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে উদ্ধার করে সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, হাঁটতে বের হয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। তাঁর কাছে থাকা দুটি মুঠোফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।