খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণ, সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
রাজধানীর খিলক্ষেতে ১২ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মো. ইমামুল হোসেন বাপ্পী (৩১)। তিনি স্থানীয় ছাত্রদলের একটি কমিটির সাবেক নেতা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার শিশুটির বাবা বাদী হয়ে খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেতের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ওই বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন শিশুটির বাবা। অভিযুক্ত বাপ্পী তাঁদের পাশের কক্ষের ভাড়াটিয়া ছিলেন।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন শিশুটির মা-বাবা বাসায় ছিলেন না। সেই সুযোগে বাপ্পী শিশুটিকে চকলেট ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে মা বাসায় ফিরে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান। এ সময় মেয়ের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে কান্নাকাটি করে। পরে মা-বাবা তাকে নিয়ে চিকিৎসকের কাছে যান। চিকিৎসকের পরামর্শে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
মামলার তদন্ত কর্মকর্তা ও খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাঁর অবস্থান শনাক্তে আমরা কাজ করছি।’