বনশ্রী থেকে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর দক্ষিণ বনশ্রীর এক বাসা থেকে মোহাম্মদ শাহবাজ নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শাহবাজের বয়স ২৬ বছর। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। বাবার নাম নাজির আহমেদ। তাঁর স্থায়ী ঠিকানা পাকিস্তানের মুলতানের জেলার জালালপুর এলাকায়।
পুলিশ বলছে, বিদেশে লোক পাঠানোর কথা বলে বাংলাদেশি বেশ কিছু নাগরিকের কাছ থেকে টাকা নিয়েছিলেন শাহবাজ। কিন্তু তাঁদের বিদেশে পাঠাতে পারেননি তিনি। পাওনাদারেরা টাকার জন্য চাপ দিচ্ছিলেন। কয়েক মাস আগে শাহবাজের স্ত্রীও তাঁকে ছেড়ে পাকিস্তানে চলে যান। এসব কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।
মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মোহসীন আল মুরাদ প্রথম আলোকে শাহবাজের বৃত্তান্ত এবং মৃত্যুর তথ্য জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণ বনশ্রীর বাসাটি থেকে শাহবাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল ১০টা ৫০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ বলছে, বাসার দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে।
শাহবাজের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।