বিটিসিএল ভবনে চুরি করতে গিয়ে ধরা, মারধরে যুবকের মৃত্যু

মারধরপ্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিটিসিএলের (বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড) কার্যালয়ে চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মারধরে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর, তবে এখনো তাঁর পরিচয় জানা যায়নি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় বিটিসিএল কার্যালয়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিটিসিএল কার্যালয়ের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) শওকত আলী প্রথম আলোকে বলেন, আজ সকালে তিনজন যুবক দেয়াল টপকে চুরির উদ্দেশ্যে বিটিসিএল কার্যালয়ের ভেতরে ঢোকেন। পরে দায়িত্বে থাকা আনসার সদস্য ও অফিসের কর্মীদের হাতে একজন ধরা পড়েন। এ সময় অন্য দুজন পালিয়ে যান।

শওকত আলীর ভাষ্য, ধরা পড়ার পর ওই যুবক একজন আনসার সদস্যের হাতে আঘাত করে পালানোর চেষ্টা করেন। পরে অফিসের কর্মী ও আনসার সদস্যরা তাঁর হাত বেঁধে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ওই যুবকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।