প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম চৌধুরী

‘ব্যাংকঋণের টাকায় বিলাসী জীবন তাঁর’ শিরোনামের গত সোমবার প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সেলিম চৌধুরী। তাঁর আইনজীবী সুহেল ইসলাম খানের সই করা প্রতিবাদলিপিতে বলা হয়, চারটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৫০০ কোটি টাকা পাবে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যেপ্রণোদিত। প্রকৃতপক্ষে তাঁর মক্কেল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিকট থেকে রাষ্ট্রীয় আইন ও নিয়মকানুন মেনে প্রয়োজনীয় সম্পত্তি বন্ধক রেখে ঋণ গ্রহণ করেছেন, যার মূলধন তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকার নিচে।

প্রতিবাদলিপিতে বলা হয়, ব্যবসায়ী ইকবাল হায়দার চৌধুরীর কাছ থেকে তাঁর মক্কেলের খালাতো ভাইয়ের নামে ১০ বিঘা জমি ক্রয় করেছেন, যা মিথ্যা। প্রকৃতপক্ষে সেলিম চৌধুরী জমি ক্রয়-বিক্রয়ের সময় দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী ছিলেন। প্রতিবেদনে ইসলামী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের যে ঋণের কথা উল্লেখ করা হয়েছে, তা মিথ্যা। প্রতিবাদলিপিতে দাবি করা হয়, সেলিম চৌধুরীর প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণপত্র (এলসি) খুলে অগ্রণী ব্যাংকের কতিপয় কর্মকর্তা এলসির টাকা আত্মসাৎ করেন।

প্রতিবেদকের বক্তব্য

ঋণের টাকা পরিশোধ না করায় সেলিম চৌধুরী ও স্বজনদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক বেশ কয়েকটি মামলা করেছে। মামলায় উল্লিখিত তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ ছাড়া ঋণ নিতে ব্যাংকে জমি বন্ধক রাখার ক্ষেত্রেও জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা আছে। অগ্রণী ব্যাংকের একটি মামলায় তিনি কিছুদিন কারাগারে ছিলেন। তাঁর বিরুদ্ধে এখন ঢাকার গুলশান ও বনানী থানায় দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আবদুল আহাদ।