চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাতটি ছাত্র হলের নিয়ন্ত্রণ ছাত্রলীগের ছয় নেতার হাতেই। হলে কারা উঠবেন, তা ঠিক করে দেন এই নেতারা। হলে ওঠার শর্ত একটাই—ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হতে হবে। পাঁচ বছর ধরে আসন বরাদ্দ বন্ধ রেখে নেতাদের এ সুযোগ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, হল নিয়ন্ত্রণ করা ছয় নেতা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহসভাপতি প্রদীপ চক্রবর্তী ও আবু বকর তোহা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ এবং নাট্য ও বিতর্কবিষয়ক সম্পাদক সাজ্জাদ আনাম। এই ছয় নেতার মধ্যে সাজ্জাদ ছাড়া বাকিদের ছাত্রত্ব নেই। এরপরও বছরের পর বছর তাঁরা হলে থাকছেন। ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করছেন।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১৪টি আবাসিক হল রয়েছে। নতুন নির্মিত দুটি ছাত্র ও একটি ছাত্রী হলে এখন পর্যন্ত কাউকে ওঠানো হয়নি। বাকি ১১টি হলের মধ্যে ছাত্রদের জন্য রয়েছে সাতটি ও ছাত্রীদের চারটি। এসব হলে মোট আসন রয়েছে ৪ হাজার ২৮০টি। ছাত্রদের সাতটি হলে আসন ২ হাজার ৭৩০টি। নিয়ম মেনে সর্বশেষ ২০১৭ সালের জুনে আবাসিক হলগুলোতে আসন বরাদ্দ দেওয়া হয়েছিল। এরপর আর বরাদ্দ দেওয়া হয়নি। তবে ছাত্রী হলের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হাতে রয়েছে।
জানা গেছে, ছাত্রদের সাতটি হল—শাহজালাল, শাহ আমানত, শহীদ আবদুর রব, এ এফ রহমান, আলাওল, সোহরাওয়ার্দী ও মাস্টারদা সূর্য সেন হলের ১ হাজার ৮০টি কক্ষের মধ্যে ১ হাজারটি ছাত্রলীগের নিয়ন্ত্রণে আছে। বাকিগুলোতে ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা থাকছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলের আসন বরাদ্দ না দেওয়া ও ছাত্রলীগের নিয়ন্ত্রণ নিয়ে প্রথম আলোতে গত ৩১ মে, ১১ জুন ও ৫ জুলাই তিনটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
কোন হল কার দখলে
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি পক্ষে বিভক্ত। তাদের একটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ছেলে মহিবুল হাসান চৌধুরীর এবং আরেকটি পক্ষে সাবেক মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। তবে এই দুই নেতা বরাবরই বলে এসেছেন, ক্যাম্পাসে তাঁদের কোনো অনুসারী নেই।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক মহিবুল হাসানের ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আ জ ম নাছিরের অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দেন। ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে রয়েছে ১১টি উপপক্ষও। এর মধ্যে বিজয় ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) মহিবুলের, বাকি ৯টি উপপক্ষ নাছিরের অনুসারীদের।
শাহজালাল হল একক নিয়ন্ত্রণ করছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও তাঁর অনুসারীরা। অন্যদিকে শাহ আমানত হলের নিয়ন্ত্রণ সভাপতি রেজাউল হক ও তাঁর অনুসারীদের। সূর্য সেন হলের একক নিয়ন্ত্রণ রয়েছে নাট্য ও বিতর্কবিষয়ক সম্পাদক সাজ্জাদ আনামের। এ ছাড়া অন্য হলগুলোতে কারও একক নিয়ন্ত্রণ নেই। আসন দখলের ভিত্তিতে নেতারা নিয়ন্ত্রণ করেন। নিয়ন্ত্রণে রাখতে মারামারি, সংঘর্ষের ঘটনা ঘটে।
ছাত্রলীগ ও প্রক্টরিয়াল বডির সূত্র এবং গণমাধ্যমের খবর বিশ্লেষণ করে দেখা গেছে, গত পাঁচ বছরে শুধু আবাসিক ছাত্র হলের কক্ষ দখলে নিতে অন্তত ১৮ বার সংঘর্ষে জড়িয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে আহত হয়েছেন অন্তত ৩৭ জন নেতা-কর্মী। এসব সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয় শহীদ আবদুর রব, এ এফ রহমান, আলাওল ও সোহরাওয়ার্দী হলের একাধিক কক্ষ।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই এসব ভাঙা কক্ষ মেরামত করেছে। কিন্তু কোনো ঘটনাতেই ভাঙচুরকারীরা শাস্তি পাননি। সর্বশেষ গত ৯ জুন হলের কক্ষ নিয়ে সংঘর্ষে জড়ান ছাত্রলীগের উপপক্ষ বাংলার মুখ ও ভার্সিটি এক্সপ্রেসের নেতা-কর্মীরা। এ সময় আবদুর রব হলের অন্তত চারটি কক্ষ ভাঙচুর করা হয়।
জানতে চাইলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের দাবি, হলের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হাতে। তবে তাঁদের বক্তব্যের সঙ্গে মিল নেই অন্যদের। সহসভাপতি প্রদীপ চক্রবর্তী ও আবু বকর তোহা এবং নাট্য ও বিতর্কবিষয়ক সম্পাদক সাজ্জাদ আনাম হলে তাঁদের নিয়ন্ত্রণ থাকার কথা স্বীকার করেন।
কর্তৃপক্ষের ‘উদাসীনতা’
ছাত্র হলে কেন আসন বরাদ্দ বন্ধ রাখা হয়েছে, এ উত্তর কারও কাছে পাওয়া যায়নি। এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হলের প্রাধ্যক্ষরাও কোনো সদুত্তর দিতে পারেননি। তবে প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তির পর হলে আসন বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর অছাত্ররা হলে থাকছেন—এমন কোনো অভিযোগ তিনি পাননি। অছাত্র ও হলে নিয়ন্ত্রণ নিয়ে এর আগে প্রথম আলোর প্রতিবেদনের জন্য বক্তব্য নিতে গেলে তিনি তখনো দাবি করেছিলেন, হলে অছাত্র থাকার বিষয়ে তিনি কিছুই জানেন না। এখনো তিনি একই দাবি করছেন।
হলের আসন উদ্ধারে কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. এমদাদুল হক। তিনি প্রথম আলোকে বলেন, পাঁচ বছর ধরে আসন বরাদ্দ না দেওয়ায় হলের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হাত থেকে চলে গেছে। সাধারণ শিক্ষার্থীরা হলে থাকার সুযোগ পাচ্ছে না। নিয়ম অনুযায়ী বরাদ্দ দিয়ে হলে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে।