মেজর (অব.) হাফিজকে গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেই দুই সেনা কর্মকর্তার মামলায়

গ্রেপ্তারের পর খন্দকার আবদুল হাফিজকে আদালতে হাজির করা হয়। ১ নভেম্বর ২০২৬ছবি: প্রথম আলো

সরকারবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকা, অর্থ সংগ্রহ ও সহিংস ডিজিটাল কনটেন্ট প্রচারের অভিযোগে সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা দেবাশীষ কুমার বড়ুয়া ও কাজী গুলশান আরার বিরুদ্ধে করা মামলায় আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) খন্দকার আবদুল হাফিজকে (৫৬) গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার বিকেলে হাফিজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালতে শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রিমান্ড চেয়ে পুলিশের করা আবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার খন্দকার আবদুল হাফিজ অন্যান্য আসামির সহায়তায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছিলেন। কতিপয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সমন্বয়ে গঠিত ‘ইউনিটি কেয়ার অ্যান্ড পাবলিক পার্লামেন্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আওয়ামী লীগের পুনর্বাসন এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে তিনি জড়িত ছিলেন। এ ছাড়া তাঁর নিজস্ব ফেসবুক পেজ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানি, পুলিশ হত্যার পক্ষে অপপ্রচার চালানো এবং দেশি-বিদেশি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয়েছে। পুলিশের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আসামিরা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র চালিয়ে আসছিলেন।

সাবেক সেনা কর্মকর্তা বিজয় দেবাশীষ নারায়ণ পাল ও কাজী গুলশান আরা এখনো কারাগারে
ফাইল ছবি

এর আগে ১১ অক্টোবর মধ্যরাতে বনানীর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) বিজয় দেবাশীষ নারায়ণ পাল ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন তাঁদের বিরুদ্ধে পল্লবী থানায় সাইবার সুরক্ষা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা করেন ডিবির মিরপুর জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আলী আকবর। ওই মামলায় রিমান্ড শেষে কারাগারে আছেন বিজয় দেবাশীষ ও গুলশান আরা। তাঁদের সঙ্গে একই মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজকে। মামলায় তখন দেবাশীষ ও গুলশান আরার নাম উল্লেখ করে আরও ১০১ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছিল। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় আবদুল হাফিজকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হলো বলে জানিয়েছেন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পল্লবীতে কাজী গুলশান আরার বাসায় অবস্থান করে ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার্স আলফা ১’ এবং ‘বিবিএম ট্রান্সপারেন্সি’ নামের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থেকে তহবিল সংগ্রহ করতেন। পাশাপাশি ‘কালআজকাল ডটকম’ নামের ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করে সহিংসতায় উসকানি দেওয়া এবং রাষ্ট্রবিরোধী কুৎসামূলক প্রচার চালাতেন।

আরও পড়ুন