এনজিও কর্মকর্তা সাজিয়ে মানব পাচারকারী চক্রের আরেক সদস্য গ্রেপ্তার
বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা সাজিয়ে যুক্তরাষ্ট্রে মানব পাচারে জড়িত চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তির নাম রিয়াজ মাহমুদ। এ নিয়ে এখন পর্যন্ত এই চক্রের সন্দেহভাজন আটজনকে গ্রেপ্তার করা হলো।
ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন দলের অতিরিক্ত উপকমিশনার মহিদুল ইসলাম জানান, সোমবার চাঁদপুরে অভিযান চালিয়ে রিয়াজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে যোগ দেওয়ার কথা বলে ভুয়া তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করা হচ্ছে—ঢাকায় মার্কিন দূতাবাসের প্রতিনিধির এমন অভিযোগে গুলশান থানায় একটি মামলা করা হয়। মামলা তদন্তে এই মানব পাচারকারী চক্রের সংশ্লিষ্টতা পাওয়ায় রিয়াজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, রিয়াজ মাহমুদসহ চক্রের অন্য সদস্যরা টাকার বিনিময়ে মিথ্যা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ উন্নত দেশগুলোয় মানব পাচার করছিলেন। তাঁরা এনজিওর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সম্মেলনে যোগ দেওয়ার জন্য জাতিসংঘ সদর দপ্তরে ই-মেইল পাঠাতেন। পরে মার্কিন ভিসা পাওয়ার জন্য দেশটির ঢাকা দূতাবাসে হাজির হয়ে জাল কাগজপত্রসহ আবেদন করতেন।
মহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের এ ধরনের প্রতারণায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এই চক্রের কারণে যেসব ব্যক্তি প্রকৃত কারণে মার্কিন ভিসার আবেদন করেন, তাঁরা নানা বাধার সম্মুখীন হন।