যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ২৮ হাজার টাকা ছিনতাই
রাজধানীর যাত্রাবাড়ীতে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ২৮ হাজার ৫০০ টাকা ও ১টি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আজ সোমবার সকাল সাতটার দিকে যাত্রাবাড়ী মাছের আড়তের পেছনে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম আমিনুল ইসলাম (৩৫)। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাহ্মণ গ্রামের রবি ব্যাপারীর ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ী মাছের আড়ত-সংলগ্ন বড় মাদ্রাসা এলাকায় ভাড়া বাসায় থাকেন।
আহত আমিনুলের ভগ্নিপতি সোলাইমান জানান, সকালে আমিনুল যখন যাত্রাবাড়ী মাছের আড়তে যাচ্ছিলেন, তখন দুই থেকে তিনজন ছিনতাইকারী তাঁর পথ রোধ করে। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাঁ পাঁজরে আঘাত করে। পরে তাঁর কাছে থাকা ২৮ হাজার ৫০০ টাকা ও ১টি মুঠোফোন ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় আমিনুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে ১৭ আগস্ট ভোর সাড়ে পাঁচটার দিকে যাত্রাবাড়ী আড়তের কাছাকাছি এলাকায় এমেদ আলী (৫০) নামের আরেক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ৬২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। তিনিও মাছ কিনতে রিকশায় করে আড়তে যাচ্ছিলেন।