বিদেশি দূতাবাসে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২
বিদেশি দূতাবাসে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে ঢাকার মিরপুরের দারুস সালাম থানার মাজার কো-অপারেটিভ মার্কেটে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নথি, সিল, স্ট্যাম্প ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।
বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার দুজন হলেন শাহারুল ইসলাম বাপ্পি (৪৯) ও বাচ্চু মিয়া (৪৩)।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দারুস সালাম থানার মাজার কো–অপারেটিভ মার্কেটের ‘মায়ের দোয়া ফটোকপি অ্যান্ড কম্পিউটার’ দোকানে অভিযান পরিচালনা করে পুলিশ। এ অভিযানে প্রতারণার সঙ্গে জড়িত মো. শাহারুল ইসলাম ও মো. বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি দূতাবাসে চাকরির নামে তৈরি বিভিন্ন জাল কাগজপত্র, নিয়োগপত্র, সরকারি লোগোসংবলিত প্যাড, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, একাধিক সিল ও স্ট্যাম্প প্যাড, দুটি হার্ডডিস্ক, একটি এলইডি মনিটর, মুঠোফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি বিদেশি দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। তাঁদের বিরুদ্ধে প্রতারণাসহ সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।