শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু

সাজিদ চৌধুরী রাফিছবি: পরিবারের সৌজন্যে

রাজধানীর কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত আরোহী সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাজিদের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।

মো. ফারুক বলেন, সাজিদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কাফরুল থানাকে জানানো হয়েছে।

ঘটনাটি ঘটে ৯ জুন দিবাগত রাতে। পরিবারের সদস্যদের ভাষ্য, সাজিদ চলন্ত মোটরসাইকেলে ছিলেন। তাঁকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। ইটের আঘাতে তিনি গুরুতর আহত হন। তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। একে তাঁরা পরিকল্পিত হামলা মনে করছেন। হামলায় জড়িত হিসেবে স্থানীয় কয়েক ব্যক্তির নাম উঠে এসেছে। তাঁরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে কাফরুল থানায় একাধিক মামলা আছে বলে তাঁরা জানতে পেরেছেন।

আরও পড়ুন

সাজিদ রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম শামসুল চৌধুরী। মা তানিয়া সিকদার। সাজিদ তাঁর বাবা–মায়ের একমাত্র সন্তান।

হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে কাফরুল থানায় মামলা করেন সাজিদের চাচা নুর হোসেন। মামলার চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

গ্রেপ্তার তিন আসামি এখন কারাগারে আছেন। তাঁরা হলেন মো. পারভেজ, আনোয়ার হোসেন বাবু ও মো. ফয়সাল ওরফে কালু। আমিন নামেন এক আসামি পলাতক।

পুলিশ বলছে, এটি কোনো ছিনতাইয়ের ঘটনা নয়। পূর্বশত্রুতার জের ধরে সাজিদের ওপর হামলা চালানো হয়।

আরও পড়ুন