ঈদের আগে অজ্ঞান পার্টি ও ছিনতাই ঠেকাতে পুলিশকে তৎপর থাকার নির্দেশ

ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। আজ বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষেছবি: ডিএমপির সৌজন্যে।

ঈদ সামনে রেখে রাজধানীতে ছিনতাই, অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য ঠেকাতে তল্লাশিচৌকি বসানোর পাশাপাশি পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বিপণিবিতানে চাঁদাবাজদের তৎপরতা রোধে পুলিশকে সতর্ক থাকার নির্দেশনাও দেন তিনি।

আজ বৃহস্পতিবার ফেব্রুয়ারি মাসের অপরাধবিষয়ক পর্যালোচনা সভায় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এসব নির্দেশনা দেন। রাজধানীর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে অবস্থিত ডিএমপি সদর দপ্তরে এ সভা হয়। দুপুর ১২টায় শুরু হয়ে এ সভা চলে বেলা ৩টা পর্যন্ত।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবে। ঈদের আগে বেশির ভাগ মানুষ ঢাকা ছেড়ে চলে যাবেন। এ সময়ে যেন ছিনতাই, অজ্ঞান ও মলম পার্টি বা অন্য কোনো অপরাধ সংঘটিত হতে না পারে। সম্ভাব্য স্পটগুলোয় তল্লাশিচৌকি বসানোর পাশাপাশি পুলিশের টহল ও নজরদারি বাড়াতে হবে। রাজধানীর কোনো বিপণিবিতানে চাঁদাবাজি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। বাড়িতে ফিরতে যানজটে যাতে ভোগান্তি পোহাতে না হয়, সে জন্য বেশিসংখ্যক ট্রাফিক সদস্য রাস্তায় থাকবেন। যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা যাতে নিশ্চিত হয়, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

অপরাধ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. নজরুল ইসলাম আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি ঘটানোর প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ঈদের বাজার ও শপিং মলগুলোয় স্থাপিত সিসি ক্যামেরা ঠিকভাবে কাজ করছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ ও নিশ্চিত করতে হবে। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

মাসিক অপরাধ সভায় ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। এর মধ্যে অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তেজগাঁও বিভাগ সেরা হয়। তেজগাঁও বিভাগের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান।