রিকশাচালক হয়ে উঠলেন ‘ছিনতাইকারী’, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার তিন ব্যক্তি
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাজিদ (২১), মো. কাওছার (২০) ও মো. সিরাজ (২২)। পুলিশ বলছে, ঢাকার বিভিন্ন এলাকায় রিকশা চালানোর আড়ালে ছিনতাই করেন তাঁরা।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, মামুন নামের এক মুরগি ব্যবসায়ী তাঁর দুই কর্মচারী লিমন ও সুমনকে মুরগি কিনতে পাঠান। তাঁরা ৪ লাখ ৮০ হাজার টাকা নিয়ে রিকশায় চড়ে মুরগি কিনতে বের হন। মিরপুরের লাভ রোড এলাকায় পৌঁছালে রিকশা থামিয়ে তাঁদের চড়থাপ্পড় মারতে থাকেন চালক সাজিদ। এ সময় আশপাশে থাকা কাওছার ও সিরাজও এতে যোগ দেন। একপর্যায়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, এ সময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের মানুষ এসে ছিনতাইকারীদের ধরে ফেলেন। পরে পুলিশ গিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।